
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর উদ্যোগে বুধবার (৩০ জুলাই ২০২৫) রাজধানীর আগারগাঁওস্থ কমিশনের কার্যালয়ে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগকালীন অ্যামেচার/হ্যাম রেডিও এর ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রথাগত টেলিযোগাযোগ ব্যবস্থার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে অ্যামেচার বা হ্যাম রেডিও এর কারিগরি দিক, লাইসেন্স প্রক্রিয়া ও দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কমিশনের স্পেকট্র্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসি-র কর্মকর্তাবৃন্দ, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি) এর পক্ষ থেকে কর্নেল (অব.) মো. সোহেল রানা, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক (S21TV), বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) ও এআরএবি-র অন্যান্য সদস্যবৃন্দ, অ্যামেচার রেডিও সোসাইটি অব
বাংলাদেশ (এআরএসবি)’র প্রতিনিধিবৃন্দসহ সারাদেশ থেকে আগত শতাধিক অ্যামেচার রেডিও অপারেটরগণ।
সেমিনারে অংশগ্রহণকারী লাইসেন্সধারীগণ তাদের রেডিও ইকুইপমেন্ট, স্যাটেলাইট সরঞ্জামাদি, ওয়াকিটকি এবং ট্রান্সমিটারসমূহ প্রদর্শন করেন এবং তারা জানান যে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা বা বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা ব্যাহত হলেও হ্যাম রেডিও স্বতন্ত্র ফ্রিকোয়েন্সিতে সচল থাকায় সংকটকালে জরুরি তথ্য আদান-প্রদান, উদ্ধার তৎপরতা সমন্বয় এবং প্রশাসনকে সহায়তা প্রদান করা সম্ভব হয়।
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি) সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক (S21TV) ও অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি)’র কার্যনির্বাহী সদস্য মো. ইশরাক বিন শফিক (S21BP) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা উপস্থাপনের মাধ্যমে অ্যামেচার রেডিওকে দুর্যোগ প্রটোকলে অন্তর্ভূক্তকরণ, রিসিভার আমদানিতে কাস্টমস জটিলতা দূরীকরণ, অনলাইনের মাধ্যমে লাইসেন্স সহজীকরণ, সরকারি বিভিন্ন সংস্থা থেকে দুর্যোগকালীন প্রথম রেসপন্সকারী হিসেবে আনুষ্ঠানিক র্স্বীকৃতি, ক্লাব কল সাইন প্রদান ও রিপিটার নেটওয়ার্কের আওতায় সারাদেশকে সংযুক্তকরণের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
প্রশ্নোত্তর ও মতামত পর্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) সহ আরো ৪/৫ জন হ্যাম অপারেটর তাদের প্রস্তাবনা তুলে ধরেন। বিশেষ করে বিটিআরসির ওয়েবসাইটে কলসাইনপ্রাপ্ত হ্যাম অপারেটরদের তথ্য আপডেট করা, কলসাইনপ্রাপ্ত অপারেটরদের লাইসেন্স ডিজিটালাইজড করা, স্মার্ট আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করা, কলসাইনপ্রাপ্ত অপারেটরদের নিয়ে প্রতি বছর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও দিবস জাতীয়ভাবে পালনের ব্যবস্থা করা, ইত্যাদি।
বাংলাদেশে ১৯৭৯ সালে অ্যামেচার রেডিওর যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। বিটিআরসি হতে অদ্যাবধি ৮১৩ জনকে অ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষার মাধ্যমে কল-সাইন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৫ জনের লাইসেন্স ও কল-সাইন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। প্রথম দিকে অ্যামেচার রেডিওর কার্যক্রম শখের ভিত্তিতে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বৃদ্ধি পায়। ১৯২৫ সালে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (IARU) গঠিত হয় এবং প্রতি বছর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও দিবস পালন করা হয়।
Reporter Name 






















