
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের চলনবিল ঘিরে বিনোদন নিতে গিয়ে ডিজে পার্টির নামে বেপরোয়া উচ্ছৃঙ্খলতায় জড়িয়ে পড়ে একদল কিশোর। খোলা ট্রাকে উচ্চ শব্দে গান, অশ্লীল নৃত্য, মাদক ও কুরুচিপূর্ণ আচরণের দায়ে শুক্রবার (১ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে আটক হয় ৫৭ জন কিশোর। জানা গেছে, বড়াইগ্রামের ধানাইদহ এলাকা থেকে একটি মিনিট্রাকে করে বিলসা পর্যটনকেন্দ্রে যাচ্ছিল তারা। পথেই খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনা সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার বিদেশি মদ, ৪০ প্যাকেট সিগারেট, ৩০০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুর ইসলাম দোলন ঘটনাটিকে "অপসংস্কৃতির উৎসব
বলে মন্তব্য করে বলেন, “পর্যটনকেন্দ্রে প্রশাসনিক নজরদারি বাড়ানো জরুরি।” বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষক হাসিবুল ইসলাম মিলন , দেশ রূপান্তরকে বলেন “চলনবিলে বর্ষায় পর্যটকদের ভিড় থাকলেও, এ ধরনের বেপরোয়া কিশোরদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।” গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, আটক ৫৭ জনের মধ্যে প্রাথমিকজিজ্ঞাসাবাদ শেষে ৫০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো
হয়েছে।
Reporter Name 























