
মোঃ কাওসার আলি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল , চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, সাবেক সভাপতি শহিদুল হোদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদসহ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
Reporter Name 



















