মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা: তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিক আমন্ত্রণে। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বহুমুখী সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন খাতে অংশীদারিত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন—পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, এই সফরে অন্তত পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
সমঝোতা স্মারকগুলো হলো—প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি,জ্বালানি খাতে সহযোগিতা,বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) ও মালয়েশিয়ান কোম্পানি MEMOS-এর মধ্যে বাণিজ্য চুক্তি,বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে সহযোগিতা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MICCI)-এর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারকরণ
নোট বিনিময়ের বিষয়গুলো—হালাল খাদ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতা, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনস (IDFR)-এর মধ্যে প্রশিক্ষণ ও কূটনৈতিক সহযোগিতা, উচ্চশিক্ষা খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহায়তা
বিশ্লেষকরা মনে করছেন, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের সমঝোতাগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থে নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি, হালাল খাদ্য ও উচ্চশিক্ষা সহযোগিতা চুক্তিগুলো দুই দেশের সাংস্কৃতিক ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সফরে মালয়েশিয়ার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ব্যবসায়ী মহলের সঙ্গে একাধিক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।
