
মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে যমুনা গার্মেন্টস গেইট সংলগ্ন এলাকায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী মোঃ সোহেল কাজীর বিরুদ্ধে প্রতিবেশী ও গার্মেন্টস শ্রমিকদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের কাঞ্চন কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহেল সফিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বিকাশ, রকেট ও নগদ এজেন্ট ব্যবসা পরিচালনা করছিলেন। মিষ্টি ভাষা ও আন্তরিকতার মাধ্যমে তিনি এলাকায় সুনাম অর্জন করেন। এই আস্থার সুযোগ নিয়ে তিনি প্রতিবেশীদের কাছ থেকে ধার নেন ১০-১৫ পনের জন ব্যক্তির থেকে প্রায় ১০-১২ লাখ টাকা। এছাড়া যমুনা গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা তাদের মাসিক বেতন উত্তোলনের জন্য তার বিকাশ এজেন্ট ব্যবহার করে আরো ১৫ লাখ টাকা। অনেক শ্রমিক ক্যাশ আউটের টাকা এক-দুই দিন পর দেওয়ার প্রস্তাবে রাজি হন।
অভিযোগ রয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে সোহেল প্রায় ২৫–৩০ লাখ টাকা হাতিয়ে নেন। গার্মেন্টস শ্রমিকদের অভিযোগ, বেতন থেকে ক্যাশ আউটের টাকা দেওয়ার কথা থাকলেও সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় টাকা নিতে এসে তারা দোকান বন্ধ অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, দোকানে তালা ঝুলিয়ে সোহেল এলাকা ছেড়ে পালিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সোহেলের খোঁজ ও টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
Reporter Name 























