
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, জাতীয় ঐক্য অটুট রাখা না গেলে এবং দেশকে স্থিতিশীল না রাখতে পারলে আবারও ১/১১ পরিস্থিতি ফিরে আসতে পারে। তিনি বলেন, “নির্বাচন চাই, কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? এক বছরে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, নতুন বন্দোবস্ত পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি, লড়াইও শেষ হয়নি।
তিনি সমালোচনামূলক ভঙ্গিতে বলেন, “যারা সমীকরণ মিলিয়ে ফেলছে, ভুল পথে হাঁটছেন, তাদের বলতে চাই, এক বছর ছাড় দিয়েছি, ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।
এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, ১৯৭১-পরবর্তী সময়ে বাকশাল কায়েম হয়েছিল, ১৯৯০-এর পর তা ব্যর্থ হয়। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ করার সব আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, “সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না। অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না।”
Reporter Name 
























