
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ — অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাসের অপব্যবহার রোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। গত ১৩ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর, সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক দল অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে।
তিতাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জের বিশেষ টিম ফতুল্লা ও মুন্সিগঞ্জের দুটি স্থানে অভিযান চালিয়ে তিন গ্রাহকের ৬০টি অতিরিক্ত ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করে। একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে অবৈধ বাণিজ্যিক গ্যাস ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১০ ফুট পাইপলাইন জব্দ করা হয়।
নরসিংদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসিন জাহানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫টি অবৈধ চুন কারখানার ২২টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ১,০০০ ফুট পাইপলাইন জব্দ করা হয়। টাঙ্গাইলে শারমীন সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯১টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন ও ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
টংগী, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৫৫০টি বাড়ির ৬০০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩৫০ ফুট পাইপলাইন জব্দ করা হয়। সাভার ও গাজীপুরে খেলাপি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযানে মোট ৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ২৮১টি অতিরিক্ত বার্নারের ব্যবহারে মাসিক ৩ লাখ ৩ হাজার টাকার রাজস্ব ফাঁকি রোধ করা হয় এবং ১০ লাখ ১২ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।
এছাড়া, রাজধানীর কামরাঙ্গীরচরে মনিজা খাতুনের নেতৃত্বে অভিযানে ৪টি কারখানার বাণিজ্যিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ পাইপ, বার্নার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
তিতাস গ্যাস জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে ২৯৬টি শিল্প, ৩৩৯টি বাণিজ্যিক ও ৬৪,৫৬২টি আবাসিকসহ মোট ৬৫,১৯৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং ১,২৩,৮৯০টি বার্নার অপসারণ করা হয়েছে। এ সময় ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইনও অপসারণ করা হয়েছে।
Reporter Name 



















