
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের মো. খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খোকন মিয়া জানান, আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরেই আজ রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে একদল যুবক তার ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। তিনি তার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি দাবি করেছেন। মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
Reporter Name 






















