
মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
শেরপুর ম্যাজিস্ট্রেসীর আয়োজনে বুধবার (১৩ আগষ্ট) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ। ওইসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বয় ও আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন। কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, জেলা কারাগারের জেলার আব্দুস সেলিম, কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান প্রমুখ। ওই সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, র্যাব ও সিআইডির প্রতিনিধি ও ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পত্তিতে গৃহিত সিদ্ধান্তসমূহসহ নানা বিষয়ে আলাচনা করা হয়।
Reporter Name 























