
মোঃ ইমরান মিয়া, ফরিদপুর
ফরিদপুরে এনসিপি সমন্বয়কের পদত্যাগ ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান পদত্যাগ করেছেন। রোববার (১৭ আগস্ট) দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্ত জানান।
পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হলেও গঠনের ক্ষেত্রে তার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, তাকে অবগত না করেই উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ তিনি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করছেন এবং একই সঙ্গে ভবিষ্যতে এনসিপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও আর যুক্ত থাকবেন না।
পদত্যাগপত্রের অনুলিপি ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং নগরকান্দা প্রেসক্লাবে পাঠানো হয়েছে।
Reporter Name 
























