
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল। রোববার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।র্যাব-১১ এর উপ-পরিদর্শক রবিউল আলম জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার ওয়ারেন্ট থাকায় চেয়ারম্যান নাসির উদ্দীনকে চৈতন্যা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতেই র্যাব অভিযান চালিয়ে চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এসময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।
Reporter Name 























