
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয়। কখনো সরাসরি, কখনো প্রতীকের মাধ্যমে। উপমাগুলো কখনো শুধু সাহিত্য নয়, বরং সমাজ, রাজনীতি ও জীবনের গভীর সত্য উন্মোচন করে। “সাপ যখন জীবিত থাকে তখন সে পিপঁড়াকে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিপঁড়া সাপকে খায়।”
এই উপমা আমাদের স্পষ্টভাবে শেখায়—আজ যে শক্তিশালী, ক্ষমতাবান বা প্রভাবশালী বলে মনে হচ্ছে, কাল সে-ই হয়তো দুর্বল হয়ে যাবে। জীবনচক্র এমনই। রাজনীতির ক্ষেত্রেও একই বিষয় সত্য। ক্ষমতায় থাকা অবস্থায় অনেকে মনে করেন তারা অজেয়, তাদের অবস্থান স্থায়ী। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে—ক্ষমতা কখনো স্থায়ী নয়, সময়ের স্রোতে এর পরিবর্তন অবশ্যম্ভাবী।
এখানে মূল শিক্ষা হলো, ক্ষমতায় থেকে দম্ভ নয়, বরং দায়িত্ববোধ ও মানবিকতা প্রদর্শন করা। কারণ পতন যখন আসে, তখন আশ্রয় নিতে হয় সাধারণ মানুষের কাছে।“একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরি করা যায়, কিন্তু একটি ম্যাচের কাঠি দিয়েই কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায়।”
এটি গভীর সামাজিক সত্য। একটি গাছ বেড়ে উঠতে সময় নেয় বছর বছর, কিন্তু একটি আগুনের শিখা মুহূর্তে ধ্বংস করে দিতে পারে সব। মানুষের জীবন, সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। একটি রাজনৈতিক আন্দোলন তৈরি হতে সময় লাগে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত, একটি হঠকারী পদক্ষেপ মুহূর্তেই সেই অর্জন পুড়িয়ে দিতে পারে। সুতরাং শিক্ষা হলো—সতর্কতা, সংযম এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ছাড়া কিছুই স্থায়ীভাবে টিকে থাকে না।
রাজনৈতিক মতাদর্শ বহন করে দলীয় পরিচয়। আমরা কোন দলের, কোন দর্শনের—তা সমাজে আমাদের অবস্থানকে নির্দেশ করে। কিন্তু মানুষ হিসেবে আমাদের আসল পরিচয় প্রকাশ পায় আচরণে। আচরণই বলে দেয় আমরা কতটা ভদ্র, মানবিক কিংবা উদার। পারিবারিক শিক্ষার প্রতিফলনও আচরণের মধ্যেই দৃশ্যমান হয়। রাজনীতি যদি শুধু ক্ষমতা দখলের হাতিয়ার হয়, তবে তা সমাজকে ধ্বংস করে। কিন্তু যদি রাজনীতি মানবিক মূল্যবোধে পরিচালিত হয়, তবে তা হয়ে ওঠে জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
সময় কখনো থেমে থাকে না। ইতিহাসের প্রতিটি অধ্যায় আমাদের শেখায়—অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যৎও অন্ধকার। এক সময় যারা ক্ষমতার চূড়ায় ছিলেন, সময়ের পালাবদলে তারা ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন শুধু সতর্কবার্তা হিসেবে। যারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, ন্যায় ও সত্যের পথে থেকেছেন—তাদের নাম ইতিহাসে অমর হয়েছে।
অতএব, অতীতের শিক্ষা উপেক্ষা করা মানে একই ভুলকে আবার আমন্ত্রণ জানানো। অতিশয়োক্তি, অহংকার বা অতিরঞ্জিত কিছুই দীর্ঘস্থায়ী কল্যাণ আনে না। সমাজে শান্তি ও স্থিতি আনার জন্য প্রয়োজন— প্রতিটি মানুষের অবস্থান থেকে মানবিকতা প্রদর্শন,উদারতা চর্চা, ভদ্রতা বজায় রাখা।
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানবিকতা সবার জন্য অভিন্ন হওয়া উচিত। কারণ মানুষ আগে মানুষ, তারপর অন্য কিছু। ক্ষমতা ক্ষণস্থায়ী, সম্পদ নশ্বর, সময় পরিবর্তনশীল। কিন্তু মানবিকতা, ভদ্রতা ও উদারতা হলো সেই চিরন্তন সম্পদ, যা মানুষকে মৃত্যুর পরেও স্মরণীয় করে রাখে।
Reporter Name 



















