
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
” আমরা ত্রান চাইনা-ভাত চাইনা, শুধু টেকসহি ভেঁড়িবাঁধ চাই। এবারেও ভেড়িবাঁধ ভাঙলে ডুবে মরতে হবে” এমন আশঙ্কা নিয়ে খুলনার পাইকগাছায় টেকসহি ভেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালীনগর কবিরাজ বাড়ীর কাছে ভদ্রা নদী’র ভাঙনকূলে স্কল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ মানববন্ধনে যোগ দিয়ে পোল্ডার রক্ষায় দ্রুত টেকসই ভেড়িবাঁধ মেরামতের দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কালীনগরের কবিরাজ বাড়ীর কাছে ভদ্রা নদী ভাঙনে প্রায় ৪শ মিটার ভেড়িবাঁধ এখন হুমকির মুখে পড়েছে। ভাঙন অংশে গত বছরে পাউবো’র মেরামত করা জিওব্যাগ নদীতে ধ্বশে পড়লে তা আর সংস্কার করা হয়নি। ফলে পানির ঢেউয়ে এ অবস্থান সৃষ্টি হয়েছে। ঘুর্নিঝড় রেমালের মত এ বছরেও নদী ভাঙনে পোল্ডার প্লাবিত হলে চলতি রোপা আমনসহ ঘরবাড়ী, রাস্তাঘাট তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটবে। বক্তারা আরোও বলেন, গত ২০ বছরে কালীনগরে ভদ্রা নদী ভাঙনে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়েছে। তিন বার বিকল্প বাঁধ দেওয়া হলেও ভাঙন রোধ করা সম্ভব হয়নি। ফলে অনেকে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। স্থানীয়দের অভিযোগ নদী শাসন না করে মানুষের জমি নষ্ট করে পানিউন্নয়ন বোর্ড অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মান করলে তা টেকসই হচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তি রাযের সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মসূচিতে বক্তব্য রাখেন দেলুটির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, ফুলবাড়ী সমবায় সমিতি লিঃ সভাপতি দ্বীজেন্দ্র নাথ মন্ডল, ব্যবসায়ী মোস্তফা গাজী,প্রধান শিক্ষক সুব্রত সানা, অবঃ শিক্ষক শ্যামল কান্তি রায়,প্রভাষক কল্যান মন্ডল,সন্তোষ কুমার গাইন, উৎপালেন্দু রায়,শিমুল মন্ডল, মিহির কান্কি রায়, শিশির সরকার, ইউপি সদস্য বদিয়ার রহমান,রাম টিকাদার,মেরী রানী,রিংকু রায়,মালতী মন্ডল,শিক্ষার্থী প্রিয়ংকা,ত্রিনাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কর্মসুচিতে কালিনগর কলেজ,হাটবাড়ী, দারুনমল্লিক ডিএইসকে ও উদয়ন বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যোগদেন। এ বিষয়ে পানিউন্নয়ন বোর্ডের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, কালীনগরে বেড়িবাঁধের ফাটল ও ভাঙন রোধে ইতোমধ্যে জরুরী ভিত্তিতে ঠিকাদার কাজ শুরু করবেন। তিনি আরোও জানান, পোল্ডারের টেকসই ভেড়িবাঁধ নির্মানের জন্য একটি বড় পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ২২ নং পোল্ডারের কালীনগরের তেলিখালী সহ দু’জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেলে ১৩টি গ্রামের মধ্যে সবকটি গ্রাম প্লাবিত হয়। ফলে কৃষি ফসল, বাড়ী-ঘর, রাস্তাঘাট মাসের পর মাস ধরে জলমগ্ন থাকে। এতে মানুষ মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়। সর্বশেষ পাউবো’র কারিগরি সহয়তা নিয়ে এলাকাবাসি’র দু’দফা চেষ্টায় বাঁধ মেরামত করা হয়।
Reporter Name 




















