
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৯ আগস্ট (মঙ্গলবার): তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি (Titas Gas T&D PLC) অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিতকরণ ও উচ্ছেদ অভিযান চালিয়ে ব্যাপক জরিমানা আদায় করেছে। সোমবার (১৮ আগস্ট, ২০২৫) দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে শতাধিক বহুতল ও আবাসিক ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাস জানায়, চন্দ্রা, জোবি-চন্দ্রা আওতাধীন সফিপুর, পশ্চিমপারা ও কালিয়াকৈর এলাকায় জনাব সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ-চন্দ্রার অধীনে অভিযান চালানো হয়। এতে ২০টি বহুতল ভবন ও ৫টি টিনসেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ ব্যবহারের দায়ে ১ জন গ্রাহকের নিকট থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ২৫০ ফুট লাইন পাইপ, ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ এবং ৫টি অবৈধ রেগুলেটর অপসারণ করা হয়েছে।
একই দিনে মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ (গুলশান কার্যালয়) এলাকায় জনাব মনিজা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে M/S Tex World Food Dyeing ও এস এম ওয়াশিং প্ল্যান্টে অবৈধভাবে বানিজ্যিক গ্যাস ব্যবহার চিহ্নিত করা হয়। ৫৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আল মদিনা হোটেল, সোনার বাংলা হোটেল ও বিভিন্ন আবাসিক এলাকায় ২১০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ জন বানিজ্যিক ব্যবহারকারীর নিকট থেকে ২,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের বিশেষ অভিযানে মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও ফতুল্লা এলাকায় মিটার যাচাই ও অতিরিক্ত পয়েন্ট অপসারণের মাধ্যমে আরও অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়েছে।
তিতাস গ্যাস জানায়, সেপ্টেম্বর ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত মোট ৬৫,৯৫১টি অবৈধ সংযোগ ও ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন বলেন, ‘‘অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হলো গ্রাহক সুরক্ষা ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা।’’
Reporter Name 



















