
মোঃ সবুজ খান জয়, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাদৈর সাবের সাদত উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সচেতনতামূলক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষার্থীদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব শামসুল হক সভাপতিত্ব করেন এবং প্রধান শিক্ষক আরিফুর রহমান ভূইয়া সার্বিক সহযোগিতা করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব মনির হোসেন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দীন, সারোয়ার হোসেন, হেলাল খানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয় সভাপতি শামসুল হক বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন জরুরি।”
তিনি আরও বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে কঠোর পদক্ষেপ নিয়েছে। এজন্য প্রতিটি শিক্ষার্থীর হাতে ডায়েরি প্রদান করা হয়েছে যাতে অভিভাবকরা তাদের সন্তানের উপস্থিতি ও পড়াশোনা পর্যবেক্ষণ করতে পারেন। পাশাপাশি কর্মমুখী ও কারিগরি শিক্ষায় মনোযোগ দিলে ভবিষ্যতে কর্মসংস্থানের কোনো সমস্যা থাকবে না।” সমাবেশে আরও বক্তব্য রাখেন রুমেল চৌধুরী,মিন্টু চৌধুরী রাজ্জাকুল হায়দার চৌধুরী, প্রধান শিক্ষক, নিবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, মান্দারপুর উচ্চ বিদ্যালয়; প্রতিষ্ঠাতা, বাদৈর আইডিয়া স্কুল; পরিচালক, রোমেল ডেন্টাল কেয়ার এছাড়াও গ্রামের আরও গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।
Reporter Name 























