
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সজিব মিয়া।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সময় হাতেনাতে মোঃ ফরিদসহ ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মোঃ ফরিদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড এবং আনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না মর্মে মুচলেকা দেন এবং ১,০০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন। অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও ধ্বংস করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জনাব সজিব মিয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ, ফসলি জমি এবং নদীর ভাঙন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে ভাঙন ও জমির ক্ষতির আশঙ্কা ছিল। মোবাইল কোর্টের এ অভিযানে তারা স্বস্তি পেয়েছেন। জনস্বার্থে মনোহরদী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
Reporter Name 
























