
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
২০ আগস্ট ২০২৫, বুধবার নরসিংদীর মনোহরদীতে গাছের চারা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী রিনা বেগম (২৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির সীমানা থেকে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তারা মিয়া ও চাচাতো ভাইদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে জুয়েল ও তার স্ত্রী রিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বলেন,“গাছের চারা কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত তারা মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Reporter Name 





















