
শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন (৩৮) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শামীম তালা উপজেলার উথালী গ্রামের শেখ আব্দুল গফ্ফারের ছেলে। স্ত্রী, মা ও সন্তানকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ১৮ মাইল এলাকায় বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ২–৩ জন যুবক তাকে নির্মাণাধীন তৃতীয় তলায় ডেকে নেয়। পরে সেখানে শামীমকে জবাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক সূত্রে জানা যায়, শামীম পূর্বে চরমপন্থী ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মাদক সেবন ও বিক্রির বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তালা থানার ওসি মো. মাইনউদ্দীন জানান, হত্যার তদন্ত করছে ডুমুরিয়া থানা পুলিশ।
Reporter Name 






















