ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। ওই দিন সকালে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে জানান, আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।
ঘোষিত ২৯৭ আসনের ফলাফলে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।
অপরপক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করেছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন।
নতুন সংসদের যাত্রা আরম্ভের পূর্বে এখন শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরাল হয়েছে।
