দৈনিক মানবাধিকার প্রতিদিন:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই গাড়ির চালকই । আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড়সংলগ্ন এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। উল্লিখিত দুর্ঘটনায় সেনাসদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত দশজন।
নিহত ব্যক্তিদ্বয়- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসের চালক মো. সাজেদুল ইসলাম (৩২)।
রেজাউল করিম সেনাবাহিনীর অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন। সাজেদুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামে।
পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে কাকলি রাইস মিলের সামনে সেনাবাহিনীর ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনে অংশ দুমড়ে যায়, গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাসচালক সাজেদুল ইসলামকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত দশজন আহত হয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যাত্রীবাহী বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করায় সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময়ে স্ফুলিঙ্গের মত ছড়িয়ে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়া উইনশিল্ড। দুর্ঘটনাটি সংঘটনের পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান।
ছবি- প্রতীকী
