
সুলতান আহমদ টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এর সাথে টেকনাফ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রধানদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ ২০২৬ ইংরেজি দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম জোরদার, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টেকনাফ উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম ফুল দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
মতবিনিময় সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও পর্যটন এলাকা। এ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রধানগণ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















