
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার জানিয়েছে, লেবাননে তাদের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করার পর ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপশহর ও দেশের দক্ষিণাঞ্চলে। লেবাননের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ২৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর প্রাথমিক হামলা চালানোর পর সোমবার লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে।
ইসরায়েল দ্রুত লেবাননে ব্যাপক হামলা শুরু করে, যেখানে সরকার সোমবার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলে রামাত দাভিদ বিমানঘাঁটি এবং মেরোন পর্যবেক্ষণ ঘাঁটিতে হামলা চালাতে আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করেছে।
তারা আরো জানায়, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত নাফাখ ঘাঁটি, যা ক্যাম্প ইৎসহাক নামেও পরিচিত, সেখানে রকেট নিক্ষেপ করা হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, এসব হামলা ‘লেবাননের ডজনখানেক শহর ও জনপদের ওপর ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে’ চালানো হয়েছে।
Reporter Name 



















