
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় পেট্রোল সংকটের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স জুঁই এন্টারপ্রাইজের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে পেট্রোল বিক্রি না করার অপরাধে এ দণ্ড প্রদান করা হয়।
শনিবার সকাল থেকেই পিটিআই মোড়ে অবস্থিত জুঁই এন্টারপ্রাইজের সামনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়। পেট্রোল সংগ্রহ করতে এসে অনেক চালক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় যে, তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। এতে ক্ষুব্ধ হয়ে চালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহরের প্রধান সড়কে সাময়িক অবরোধ সৃষ্টি হয়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
এ অবস্থায় অভিযোগের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন। সরেজমিনে পরিদর্শনকালে প্রতিষ্ঠানের ভেতরে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।
মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জুঁই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে পেট্রোল বিক্রি শুরু করা হয়।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শহরের প্রধান সড়কে যান চলাচল পুনরায় সচল হয় এবং ভোগান্তি থেকে মুক্তি পান সাধারণ মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি বা পণ্য মজুদের মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 









