
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
গত ৩১/০৩/২০২৬ ইং তারিখ রাত ২৩:০৫ ঘটিকায় অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, কুমিল্লার নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত মোঃ আবদুল মতিন মাস্টারের ‘বাইতুত তাকওয়া’ নামীয় বিল্ডিংয়ের ২য় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬), পিতা- মৃত শিবু রঞ্জন সাহা, মাতা- মৃত মিনতী রানী সাহা, সাং- তেলিকোনা (সাহাপাড়া), ওয়ার্ড নং-১৭, কুসিক, বর্তমান ঠিকানা- বারপাড়া কৃষ্ণপুর (মৃত মোঃ আবদুল মতিন মাস্টারের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া), ০৬নং জগন্নাথপুর ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তার বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে তার শয়নকক্ষ হতে ২৫ (পঁচিশ) বোতল ROYAL GREEN WHISKY (৭৫০ মিলি), ১১ (এগারো) বোতল ROYAL STAG WHISKY (৭৫০ মিলি) এবং ১৮ (আঠারো) বোতল ROYAL STAG WHISKY (৩৭৫ মিলি)সহ মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন জব্দ করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সম্মুখে জব্দকৃত মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেন যে, তিনি সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে উক্ত বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
উল্লেখিত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও অবৈধ দ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 








