মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা পরিষদের আয়োজনে ‘সবার জন্য শিক্ষা’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে হরিজন সম্প্রদায়ের পিছিয়ে পড়া প্রান্তিক ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে ওই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের
প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমাদের জেলা পরিষদের
মানবিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু হলো। আমরা অসহায় দরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং সকলের সহযোগিতায় শেরপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এদিন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে মানসম্মত স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা করা হয়।
