প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৮:৫০ এ.এম
শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ৬৪ বিজিবির হাতে ৩৬ হাজার পিসসহ আটক ১

সোলতান আহমদ কক্সবাজার টেকনাফ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটক ব্যক্তি টেকনাফ থানার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে নাসির উদ্দীন (২৫)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশির সময় নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ “হেনরি”-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি প্যাকেট থেকে মোট ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Design and Developed by: Manobadhikar IT