মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার ডিবি (উত্তর) বিশেষ অভিযানে পৃথক চারটি অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন এবং ১৪ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)’র অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
একই দিনে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেঁদেপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাখাল মাল (৩০) ও মোঃ আজিত ওরফে কাচু (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) এবং ৯০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৯ গ্রাম, মূল্য আনুমানিক ২৭ হাজার টাকা) উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত ৮টা ৫ মিনিটে ধামরাই থানাধীন কাওয়াখোলা এলাকা থেকে মোঃ সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) কে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এছাড়া একই রাত ১১টা ২৫ মিনিটে আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ এনামুল হক (৫০) এর ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাখাল মালের বিরুদ্ধে ১টি, আজিত ওরফে কাচুর বিরুদ্ধে ২টি এবং সামু ওরফে দয়াল ভান্ডারীর বিরুদ্ধে ১টি হত্যাসহ মোট ৩টি মামলা রয়েছে। এছাড়া পলাতক এনামুল হকের বিরুদ্ধে ১টি মাদক মামলা ও ১টি অন্যান্য মামলা সহ মোট ২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
