
নোয়াখালীর সদর উপজেলার অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনা ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয় মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়ি।
শনিবার (১৮ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চরমুটুয়ার উদয় সাধুর হাট থেকে ডিজেল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের এসআই মো. হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল সদর উপজেলার খলিফার হাটে রাতে অবস্থান করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারে চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি দোকানে বেশি দামে অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করে। এই সময় অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
