
ওমর সানী ভূইয়া
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে সক্রিয় একটি নারী ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আখাউড়া হয়ে চলাচলকারী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের সময় যাত্রীদের হাতে তারা আটক হন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী লাকি বেগম চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘থ’ শ্রেণির বগিতে ওঠেন। ট্রেন চলাকালে ৫ থেকে ৭ জন নারী যাত্রী সেজে ভিড় সৃষ্টি করে তার গলায় থাকা আনুমানিক দুই ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় বগিতে থাকা অন্যান্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে চার নারীকে হাতেনাতে আটক করে। পরে তাদের আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আরমান আলীর স্ত্রী মাসুদা খাতুন (৩৪), একই এলাকার আমিনুর মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৩৬), জুয়েল মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (২৮) এবং আলমগীরের স্ত্রী সাহানা (২৯)।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, আটক চারজন পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী ট্রেনে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় ও চিহ্নিত সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
আটককৃতদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 



















