
মাহমুদুল ইসলাম সাগর
সাভার উপজেলা প্রতিনিধ
ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশে(ঢাকা উত্তর) এর বিশেষ অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৪ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে মোঃ আফজাল হোসেন (৪৭) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি ওয়ান শটারগান, ২ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জামাদি—ধারালো ছোরা ও কুড়াল সদৃশ অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার করে আসছিল বলে স্বীকার করেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 



















