
মোঃআজগর আলী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এ খেলায় ফটিকছড়ি লিজেন্ডস ২-০ গোলে মতি নবদিগন্ত ক্লাবকে পরাজিত করে ট্রফি জয় নিশ্চিত করে। ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে ফটিকছড়ি কলেজ মাঠে উক্ত আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
জমকালো এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি)-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক আবদুল মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা: মো: সাইদুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: কামাল উদ্দীন চৌধুরী, ঢাকা ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মো: শাখাওয়াত হোসেন এবং ইউসিবি ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মো: আবু সালেক।
খেলায় স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি ক্যামেরুন ও নাইজেরিয়ার খেলোয়াড়রাও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানিয়েছেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 

























