
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘির পাড় ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত নাজিরহাট আন্তঃগোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গাদিঘির পাড় সংলগ্ন মাঠে এ খেলা উপভোগ করতে ভিড় জমায় হাজারো দর্শক। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও ফটিকছড়ি আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো: নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“যুবসমাজকে মাদকাসক্তি ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সীমান্তঘেঁষা ভারতে অসংখ্য মাদক, ফেনসিডিল ও ইয়াবা কারখানা গড়ে উঠেছে, যার একটি বড় অংশ প্রবাহিত হচ্ছে বাংলাদেশে। এ বিপদ থেকে তরুণদের রক্ষা করতে হলে তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা মানুষের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা তৈরি করে। একটি সুশৃঙ্খল, মাদকমুক্ত প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও ফটিকছড়ি জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গনী। আরও উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, সেক্রেটারি সামশুল আরেফিন আরিফসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। নাজিরহাট পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী মীর মো: আইয়ুবের সভাপতিত্বে ও জাহিদুল করিম (শুভ)-এর সঞ্চালনায় মাঠটি উৎসবে রূপ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ মো: নুরুল আমিন।
Reporter Name 

























