
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়া এলাকায় অবৈধ ও জোরপূর্বক মাটি খননের অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার ০২ নং হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়া এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট স্থানের চারপাশে লবণের মাঠ এবং পশ্চিম পাশে ঘনবসতিপূর্ণ বসতবাড়ি থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মাটি খননের ফলে জমির স্থিতিশীলতা নষ্ট হয়ে বসতবাড়ি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারগুলো চরম শঙ্কায় রয়েছে। মাটি কাটার প্রতিবাদ করলে অভিযুক্তরা উল্টো এলাকাবাসীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—জমির আহমেদ (পিতা: আফলাতন) এবং মনির আহমেদ (পিতা: আব্দুল গফফার), উভয়ই মোচনী পাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অবিলম্বে অবৈধ মাটি খনন বন্ধসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
Reporter Name 


















