
স্টাফ রিপোর্টার: মাসুদ রানা
দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা পূর্বের দামের তুলনায় ২১২ টাকা বেশি।
রবিবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন এ মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা। নতুন মূল্য নির্ধারণের ফলে ভোক্তাদের অতিরিক্ত ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়ছে। তবে হঠাৎ করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে, নতুন এই মূল্য বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে বলে মনে করছেন ভোক্তারা। তারা দ্রুত এ বিষয়ে সরকারের নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 


















