
রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বর্ষবরণে মারমা সম্প্রদায়ের জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মৈত্রী জল উৎসব।
মারমা ভাষায় একে বলা হয় ‘সাংগ্রাই রিলং পোয়ে’।
সকালে অতিথিরা জলকেলির উদ্বোধন ঘোষণার পর সবাই একে অন্যের গায়ে পানি ছিটিয়ে সব অবসাদ দূর করে দেয়।
এ সময় মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করা হয়। মারমা তরুণ-তরুণীরা উৎসবটি পালন করে নাচ-গানের মধ্য দিয়ে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা কয়েক হাজার মারমা নারী-পুরুষ পরস্পরের গায়ে পানি ছিটিয়ে এ উৎসব পালন করেন।
অন্যদিকে কক্সবাজারেও শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের বড় উৎসব জলকেলি বা ‘সাংগ্রেং’।
গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে জেলার বিভিন্ন এলাকার রাখাইন পল্লীগুলো।
জলকেলির প্যান্ডেলগুলো সাজানো হয়েছে ফুল ও রঙিন কাগজে । প্যান্ডেলের মাঝখানে রাখা হয় পানিভর্তি ড্রামসহ বিভিন্ন উপকরণ। এক পাশে অবস্থান নেয় তরুণীরা, অন্য পাশে তরুণরা।
নাচ-গানের সুর এবং বাদ্যযন্ত্রের তালে তারা একে অন্যের দিকে ছুঁড়ে দেয় ‘মঙ্গল জল’।
Reporter Name 


















